দেশের বাজারে কমেছে নির্মাণ-সামগ্রী রড ও সিমেন্টের দাম। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই বড় উন্নয়ন প্রকল্পের কাজ স্তিমিত হয়ে পড়েছে। 

কমেছে রড সিমেন্টের দাম, অবকাঠামো স্থবিরতা

একইসঙ্গে এ বছরই দেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বেসরকারি এবং ব্যক্তিপর্যায়ের নির্মাণকাজও ধীরগতিতে এগোচ্ছে। এতে চাহিদা ও বিক্রি কমে নির্মাণকাজের প্রধান উপকরণ রড ও সিমেন্ট ব্যবসায় ধস নেমেছে। ব্যবহারজনিত চাহিদা বৃদ্ধি না পেলে এ খাত ঘুরে দাঁড়াতে সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে নির্মাণকাজে সম্পৃক্তদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।


সিমেন্ট ও ইস্পাত খাতের উদ্যোক্তারা বলছেন, দেশে রাজনৈতিক পটপরিবর্তনে সরকারের বেশিরভাগ উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ হওয়ার পাশাপাশি বেসরকারি আবাসন শিল্পেও স্থবিরতা দেখা দিয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে রড ও সিমেন্টের বাজারে।


অবকাঠামো উন্নয়নের অন্যতম উপকরণ সিমেন্ট।  জানা গেছে,  সিমেন্ট খাতের উৎপাদন সরকারি নির্মাণ প্রকল্পের সঙ্গে সরাসরি যুক্ত। দেশের বিভিন্ন মেগা উন্নয়ন প্রকল্পের কাজ প্রায় শেষ। যেসব প্রকল্পের কাজ চলমান রয়েছে; সেগুলো গত ৫ আগস্টের পর বন্ধ রয়েছে। যার সরাসরি প্রভাব পড়েছে সিমেন্ট খাতে। বিশ্ববাজার থেকে আমদানি, ডলার সংকটসহ বিভিন্ন সমস্যা কেটে গেলেও ব্যবহারজনিত চাহিদা বৃদ্ধি না পেলে এ খাতও ঘুরে দাঁড়াতে সময় লাগবে বলে মনে করছেন তারা।


ফলে রড-সিমেন্টের বিক্রি কমেছে। বর্তমান পরিস্থিতিতে এ দুই খাতের উদ্যোক্তারা অনিশ্চয়তায় ভুগছেন। তারা বলছেন, ব্যবসা টিকিয়ে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। এ অবস্থায় নতুন বিনিয়োগের কথা ভাবছি না।