সঙ্কট ক্রমেই বাড়ছে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের। ইতোমধ্যে ক্ষমতাও হারাতে বসেছেন তিনি। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগের পাশাপাশি তার পরিবার ও আত্মীয়-স্বজনের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ একের পর এক প্রকাশ্যে আসছে। এবার নতুন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ভাই-বোন ও আওয়ামী লীগ সরকারের একজন সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপের দুটি ম্যাচ স্টেডিয়ামে বসে বিনামূল্যে উপভোগ করেছেন টিউলিপ সিদ্দিক।
শনিবার (১১ জানুয়ারি) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানায়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ওই বিশ্বকাপের একটি ম্যাচে দর্শক হিসেবে টিউলিপকে দেখা গেছে। এসময় তার সঙ্গে ছিলেন তার ভাই-বোন ও আওয়ামী লীগ থেকে নির্বাচিত তৎকালীন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
সম্প্রতি ফিন্যান্সিয়াল টাইমসসহ একাধিক গণমাধ্যমে যুক্তরাজ্যে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে সম্পত্তি উপহার নেয়ার বিষয়টি সামনে আসে। ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, টিউলিপ ২০০৪ সালে কিংস ক্রসের কাছ থেকে কোনোরকম অর্থ প্রদান ছাড়াই দুই শয়নকক্ষ বিশিষ্ট একটি অ্যাপার্টমেন্ট পেয়েছিলেন। ব্রিটেনের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রের বরাতে ওই তথ্য প্রকাশ করেছিল গণমাধ্যমটি। নথির তথ্যানুযায়ী, অ্যাপার্টমেন্টটি টিউলিপকে উপহার দিয়েছিলেন আবদুল মোতালিফ নামে এক আবাসন ব্যবসায়ী, যার সঙ্গে টিউলিপের খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগসূত্র রয়েছে।
0 Comments